২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু

গাজীপুরে পৃথক ঘটনায় তিন শ্রমিকসহ চার জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

এদের মধ্যে হাসিনা বেগম (৩২) শনিবার কর্মস্থলে গিয়ে ফেরেননি। রোববার সকালে তার লাশ পাওয়া যায়।

রোববার ট্রাকচাপায় নিহত হন কারখানা শ্রমিক মামুন (৩০); স্পিনিং মিলে ওড়না জড়িয়ে মারা যান নারী শ্রমিক মাহমুদা আক্তার (১৯) এবং পিকআপ চাপায় নিহত হন সিরাজুল ইসলাম সিরু (৫৫)।   

জয়দেবপুর থানার এসআই রুহুল আমিন জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের আব্দুস সাত্তারে স্ত্রী হাসিনা বেগম গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়াড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পরিবারের বরাত দিয়ে এসআই রুহুল আমিন বলেন, শনিবার সকালে তিনি কাজ করতে কারখানার উদ্দেশ্যে বের হন। কিন্তু রাতে বাড়ি ফেরেননি।

“রোববার সকালে তার স্বামী কারখানায় গিয়ে জানতে পারেন শনিবার সন্ধ্যায় ছুটির পর তিনি কারখানা থেকে বের হয়ে গেছেন।

“পরে খোঁজাখুজির এক পর্যায়ে ভাড়া বাড়ির কিছু দূরে রাস্তার পাশে একটি ক্ষেতে তার গলায় ওড়না পেঁচানো মৃতদেহ পাওয়া যায়।”

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই রুহুল।

“নিহতের গলায় কালচে দাগ রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মুক্তি মাহমুদ জানান, রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ট্রাক চাপায় নিহত হন ফার ঈস্ট কারখানার শ্রমিক মামুন।

মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

রোববার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকে হানিফ স্পিনিং মিলে কাজ করার সময় মেশিনে ওড়না জড়িয়ে নিহত হন নারী শ্রমিক মাহমুদা আক্তার।

তিনি রংপুরের কাউনিয়া উপজেলার রাজিবপুরের আপেল মিয়ার স্ত্রী। তারা কালিয়াকৈরের রাখালিয়ারচালা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

কারখানার ব্যবস্থাপক মো. শামিম হোসেন সাংবাদিকদের বলেন, রোববার সকাল ৬টার দিকে কাজে যোগ দেন মাহমুদা। সকাল সাড়ে ৬টার দিকে ববিনে সুতা পেঁচানোর মেশিনে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়।

“মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. রাশিদুল হক জানান, রোববার সকাল ৯টার দিকে শ্রীপুরের বরমী বাজারে পিকআপ চাপায় নিহত হন সিরাজুল ইসলাম সিরু।

এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।