ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে ধরে নিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক যুবকের লাশ পাওয়া গেছে, যাকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ ধরে নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।
নিহত রূপা মিয়া (২৩) উপজেলার চর ইসলামপুর গ্রামের মাহবুব মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহকারী পুলিশ সুপার বলেন, তিন মাস আগে জমি নিয়ে বিরোধের জেরে চর ইসলামপুর গ্রামের কালাম মিয়ার সঙ্গে একই গ্রামের জামাল মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়।
“বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হলেও গত মঙ্গলবার জামাল মিয়ার এক সমর্থককে রাস্তায় একা পেয়ে কালাম মিয়ার সমর্থকেরা মারধর করেন। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
পুলিশ কর্মকর্তা আল মামুন বলেন, “এর জেরে শনিবার রাতে কালাম মিয়ার সমর্থক রূপাকে জামাল মিয়ার সমর্থকরা ধরে নিয়ে গিয়ে টেঁটা দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ বিলে ফেলে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
