২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গাছের মুকুলে বাঁধছে আশা

চাঁপাইনবাবগঞ্জে সব জায়গায় আম গাছ ছেয়ে আছে মুকুল। আবহাওয়া বিরূপ না হলে এ মৌসুমে ব্যাপক ফলন আশা করছেন বাগান মালিক, ব্যবসায়ী ও আম চাষিরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 07:02 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাজদার রহমান জানান, এ বছর জেলায় এখন পর্যন্ত ৯০ ভাগ আম গাছে মুকুল এসেছে।

স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে থেকে ব্যাপকভাবে আম গাছে মুকুল আসতে শুরু করেছে। মাসখানেক ধরে গাছে মুকুল আসতে থাকে।

তিনি জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ বছর আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এবার জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে।

গত বছর ২৪ হাজার ২৬৭ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৫০ হাজার মেট্রিকটন।

কৃষি বিভাগ বলছে, আম প্রধান অর্থকরী ফসল হওয়ায় প্রতি বছরই জেলায় আম বাগান ও আম গাছের সংখ্যা বাড়ছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সরকারপাড়া মহল্লার আম বাগান মালিক ওবাইদুল হক জানান, এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে এবং কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে সময়মতো আম পেড়ে বেচতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, সরকারের বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকায় গত দুই বছর আম ব্যবসায় জড়িতরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আম বাগান কয়েকবার হাত বদল হলেও এ বছর আম বাগান বিক্রি হচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দীন জানান, এ মৌসুমে তেমন কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে গত বছরের চেয়ে আমের ফলন ভালো হবে। এ সময় আম বাগানে সেচ দেওয়ার জন্য আম চাষিদের পরামর্শ দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, জেলায় প্রায় এক হাজার কোটি টাকার আম উৎপাদন হয়।

চেম্বার সভাপতি বলেন, “জেলার প্রায় ৭০ ভাগ মানুষ কোনো না কোনোভাবে আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট। আমের উৎপাদনের সঙ্গে তাদের জীবনমান নির্ভর করে। আমের ভালো উৎপাদন হলে ব্যবসা চলে প্রায় ৪ মাস।”