চাল কলের চিমনি ভেঙে নির্মাণ শ্রমিক নিহত
দিনাজপুর পার্বতীপুর উপজেলায় চাল কলের চিমনি ভেঙে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
শনিবার দুপুরে উপজেলার আমবাড়ী এলাকায় সততা অটোরাইস মিলে এ ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর থানার ওসি মাহমুদুল আলম।
নিহত সাজ্জাদ (৩০) একই এলাকায় আব্দুর রহিমের ছেলে।
আহত জীবনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবন বলেন, সততা অটোরাইস মিলে চিমনি তৈরির সময় আকস্মিক সেটি ভেঙে পড়ে। এ সময় চিমনির নিচে চাপা পড়ে সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যায়।
ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
