তৃতীয় দিনে খুলনার চিকিৎসকদের ধর্মঘট, দুর্ভোগে রোগীরা
চিকিৎসককে ‘লাঞ্ছনাকারী’ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে খুলনায় চিকিৎসকদের ধর্মঘটে দুভোর্গে পড়েছে রোগীরা।
শনিবার ধর্মঘটের তৃতীয় দিনে জেলার সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে চিকিৎসকরা কাজ বন্ধ রেখেছেন।
লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা।
প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
বিএমএ জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ হেল বাকী পিটিয়ে আহত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান এসএম অহিদুজ্জামানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা।
কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে মারধরে জড়িতরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের গ্রেপ্তারের প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রোববারের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বিএমএ খুলনা জেলা শাখা আরও কঠোর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দেন এ চিকিৎসক নেতা।
এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান অহিদুজ্জামানকে পুলিশ গ্রেপ্তারর করছে না- বিএমএর এ তথ্য সঠিক নয়। তাকে গ্রেপ্তারের জন্য শুধু খুলনা নয় দেশের সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেল বাকীকে রোগী দেখার জন্য ওয়াহিদুজ্জামানের বাড়িতে যেতে বলেন কয়েকজন লোক। হাসপাতাল ছেড়ে বাড়িতে যাওয়া সম্ভব নয় জানালে চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ বেশ কিছু লোকজন এসে আব্দুল্লাহ হেল বাকীকে মারধর করেন।
আহত অবস্থায় তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্মঘটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপপাতাল এবং জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
এর ফলে দুর্ভোগে পড়েছেন শত শত রোগী এবং তাদের স্বজনরা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি তামান্না খানমের বাবা বলেন, পাইকগাছা থেকে মেয়ে নিয়ে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছি। ধর্মঘটের কারণে ডাক্তাররা রোগী দেখছেন না।
