২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির জনকের স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা: পরিকল্পনামন্ত্রী

দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 01:05 AM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শুক্রবার সন্ধ্যায় ঢাকার দোহার-নবাবগঞ্জ কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “জাতির পিতা এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। তিনি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেননি।

“কিন্ত তারই উত্তরাধিকার, আমাদের ক্যাপটেন, আপনাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে তার সেই স্বপ্নকে পূরণ করতে পেরেছেন।”

মার্চ মাসকে দেশের ইতিহাসে একটি ‘বিশেষ মাস’ বলে আখ্যায়িত করেন একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল।

দোহার-নবাবগঞ্জ কলেজের গর্ভনিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলামের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন পরিকল্পনামন্ত্রী।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের দেশকে ভালোবাসতে হবে। যে মানুষের দেশের প্রতি মমত্ববোধ নেই তারা মানুষ নয়। তোমাদেরকে খাঁটি মানুষে রুপান্তরিত হতে হবে।

“তোমরা স্বপ্ন দেখবে, নতুন নতুন স্বপ্ন দেখবে। এক স্বপ্ন পূরণ হবে, আরেক স্বপ্ন আসবে। স্বপ্ন যদি না দেখ, স্বপ্ন দেখাতেও পারবেনা।”

দেশের ‘অর্থনৈতিক চাকাকে’ সচল রাখতে শিক্ষাজীবন শেষে এগিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান মন্ত্রী মোস্তফা কামাল।

কলেজের ভবন, ক্যান্টিন ও ছাত্রী হোস্টেল নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন মন্ত্রী।

স্থানীয় রাস্তাঘাট ও নদীখননসহ এলাকাবাসী বিভিন্ন দাবি দাওয়া পূরণেরও আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

সূবর্ণ জয়ন্তীর আলোচনা পর্বে কলেজের গভর্নিং বডির সভাপতি সালমা ইসলাম এমপি, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, ঢাকা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের আলোচনা পর্ব শেষে চলে সাংস্কৃতিক পর্ব।