ফেনীতে উপজেলা চেয়ারম্যানের নামে মামলা
নির্বাচনী কাজে বাধা ও হামলার অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারসহ ১৪ জনের নামে একটি মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে ফুলগাজী থানার এসআই আশেকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
থানার ওসি মো. মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেআইনি কার্যক্রম চালানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের চিঠির নির্দেশনা অনুযায়ী মামলাটি হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার।
ফুলগাজী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয় ভাংচুর ও প্রভাব খাটানোর অভিযোগে গত বুধবার ফুলগাজীর ছয়টি ইউনিয়নে ভোট বন্ধ করে দেয় ইসি।
একই সঙ্গে উপজেলা চেয়ারম্যানকে অপসারণের জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠিও দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, ইউপি নির্বাচনে বেআইনি কার্যক্রম, গণতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, জনগণের মনে ভীতি সঞ্চার, দেশে-বিদেশে ইসি ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ক্ষমতার অপব্যবহার করায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, মনোনয়নপত্র বিতরণ ও জমায় বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানো, কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছনা ও নির্বাচনী অফিস ভাংচুর করায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ইসিকে জানাতে হবে।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ফুলগাজীর ছয়টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।
