খেলা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাহত হওয়ার তিনদিন পর এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জহুরুল ইসলাম (২৩) নামের ওই ছাত্র শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জহুরুল বনগ্রামের কফিল উদ্দিনের ছেলে ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
জহুরুলের বাবা কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুটবল খেলা নিয়ে পাশের শক্তিপুর গ্রামের কিছু লোকের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।
“এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সন্ধ্যায় নয়ারহাট বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।”
এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
শুক্রবার জুম্মার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখনও মামলা হয়নি। মামলার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
