রাস্তা আটকে ৩ অপহরণকারীকে ধরিয়ে দিল গ্রামবাসী
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় রাস্তা আটকে সশস্ত্র তিন অপহরণকারীকে ধরিয়ে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার সকালে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে অপহরণকারীদের ধরা হয় বলে হরিণাকুণ্ড থানার ওসি মাহতাব উদ্দিন জানান।
এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও ১৬টি গুলি উদ্ধার করা হয়েছে। তাদের কবল থেকে উদ্ধার কয়লা ব্যবসায়ী সাইফুল ইসলাম অক্ষত আছেন।
গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের ফিরোজুর রহমান সলেমান, ভাদালে গ্রামের সাইদুর রহমান ও সেলিম উদ্দিন।
তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। সেটিতে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
ওসি মাহতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে হরিণাকুণ্ডু সদরের লালন শাহ কলেজের পাশ থেকে সাইফুলকে মাইক্রোতে তুলে নেয় তিন অপহরণকারী। খবর পেয়ে থানা থেকে বিভিন্ন জায়গায় বার্তা পাঠানোর পর পুলিশ সদস্যরা গ্রামবাসীদের বিষয়টি জানিয়ে তাদের সহযোগিতা চায়।
ঘণ্টাখানেকের মধ্যে অপহরণকারীদের মাইক্রোবাস রঘুনাথপুর বাজারে পৌঁছালে সেখানে তাদের পথ আটকায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অপহরণকারীদের আটকের পাশাপাশি অপহৃতকে উদ্ধার করে।
সাইফুল দেশের বিভিন্ন স্থান থেকে কয়লা এনে ইটভাটায় সরবরাহ করেন। তার সঙ্গে অপহরণকারীদের ব্যবসায়িক লেনদেনের তথ্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজহার আলী জানিয়েছেন।
