গাজীপুরে শিশু হত্যা, আটক ১
দিনজপুরে নিখোঁজের একদিন পর গাজীপুরের শ্রীপুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে পূর্ব বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে পরিবারে দাবি।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বেতজুরি খালে শাহীন (৮) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।
শহীন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জয়দেবপুরের এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় বেতজুরী এলাকার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় পাপ্পু (১৭) নামের এক কিশোরকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। পাপ্পু দিনাজপুরের হাকিমপুর উপজেলার চাঙ্গিরামপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
শাহীনের স্বজনের বরাত দিয়ে ওসি বলেন, পাপ্পু বুধবার বিকালে শাহীনকে চকলেট দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে দুজন নিখোঁজ থাকে।
“শাহীনের বাবা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ পাপ্পুকে আটক করে। পরে তার দেওয়া
তথ্যে শাহীনের লাশ উদ্ধার করা হয়।”
ওসি বলেন, শাহীনকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে খালের পানিতে ফেলে দেয় বলে পাপ্পু পুলিশকে জানিয়েছে।
পাপ্পুর বরাত দিয়ে ওসি বলেন, শাহীনের বাবার সঙ্গে একটি ওয়ার্কশপে কাজ করত পাপ্পু। সেখান থেকে পাপ্পু অন্য কারখানায় চাকরি নিয়ে চলে যায়। ওই সময় পাপ্পুর দুই মাসের টাকা ওয়ার্কশপের মালিক শাহীনের বাবা এমদাদকে বুঝিয়ে দেন।
কিন্তু এমদাদ ওই টাকা পাপ্পুকে না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরেই শাহীনকে হত্যা করেছে পাপ্পু, বলেন ওসি।
