মনোনয়ন জমা দেওয়ায় ইউপি চেয়ারম্যান ‘তালাবদ্ধ’
যশোর সদর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি নেতা ও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে চেয়ারম্যান আব্দুস সাত্তারকে উদ্ধার করে বলে জানান যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ও তাকে নিয়ে এমন ঘটনা ঘটে।
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার বলেন, “বেলা ১১টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মুন্নার নেতৃত্বে একদল লোক ইউনিয়ন কার্যালয়ে আমাকে আটকে কলাপসিবল গেইটে তালা লাগিয়ে দেয়। ঘণ্টাখানেক পরে খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে আমাকে উদ্ধার করে।”
অভিযোগ অস্বীকার করে আব্দুল মান্নান মুন্না বলেন, “‘প্রতিবার নির্বাচনের আগে উনি (আব্দুস সাত্তার) এমন নাটক করে থাকেন।”
সাধারণ ভোটারদের সহানুভূতি আদায়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
এদিকে এ ঘটনার বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু।
শুধু চুড়ামনকাটিই নয়, যশোর সদর ও মণিরামপুর উপজেলার সবকটি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
“প্রার্থীরা ঠিকমত গণসংযোগ করতে পারছেন না। মোবাইল ফোনে হুমকি ধামকি দেওয়া হচ্ছে,” বলেন বিএনপির এ নেতা।
বেলা ২টার দিকে পুলিশ পাহারায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন আব্দুস সাত্তার।
