২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান পদ হারালেন আ.লীগ নেতা

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর ‘অর্পণ’ করে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন (ইউএনও)।

বর্তমান চেয়ারম্যান হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।

ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত একটি চিঠি বুধবার দুপুরে হাতে পেয়েছি।

“গত ২৯ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। একই সঙ্গে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বও আমাকে পালন করতে বলা হয়েছে ওই চিঠিতে।”

২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন সরকার।

২০১৪ সালের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচিত হন। কিন্তু নাশকতার মামলায় চেয়ারম্যান পদে নির্বাচিত গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান ও নারী ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।

দায়িত্ব হস্তান্তর না হওয়ায় জাকিরই এতদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

জাকির হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি পেয়েছি। আমাকে কেন সরিয়ে দেওয়া হল জানি না।”