বরেন্দ্র কর্তৃপক্ষের খাল খনন, ‘উচ্ছেদ হচ্ছে ১৮০ পরিবার’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন প্রকল্প শুরু হওয়ায় নওগাঁর রাণীনগর উপজেলায় ‘১৮০ পরিবার’ উচ্ছেদ হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার মিরাট ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, মৃত শ্রীমতখালী খালের দুপাশ দিয়ে গড়ে ওঠা বাড়িঘর খাল খননের সময় ভাঙা পড়ছে।
ধনুপাড়ার ৩ নম্বর স্লুইচ গেট থেকে শ্রীমতখালী গ্রাম পর্যন্ত শ্রীমতখালী খাল খননের প্রকল্প পাশ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের রাণীনগর জোনের সহকারী প্রকৌশলী মো. তিতুমীর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় পৌনে ২ কোটি টাকার এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৫ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে।
স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেন, “কোনো প্রকার নোটিশ না দিয়ে খনন কাজ শুরু করা হয়েছে।”
গ্রামের সাহেব আলী (৪০) বলেন, “আমরা ভূমিহীন। আমাদের বাপ-দাদার কোনো সম্পত্তি নেই। তাই এই খালপাড়ে ১৬-১৭ বছর ধরে বসবাস করে আসছি।
“কোনো প্রকার নোটিশ ছাড়াই হঠাৎ খনন কাজ শুরু করে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।”
আশরাফুল ইসলাম (৪৫) বলেন, “আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব? কোথায় পরিবার-পরিজন নিয়ে ঠাঁই নেব?”
ফরিদা বেগম (৩৬), সাহেব আলী ও আশরাফুল ইসলামসহ এখানকার অধিবাসীরা জানিয়েছেন, হঠাৎপাড়ায় ১৮০টি পরিবার বসবাস করছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী মো. তিতুমীর বলেন, “সরকারিভাবে বরাদ্দ না থাকায় মৌখিকভাবে প্রায় এক বছর ধরে তাদের বাড়িঘর সরিয়ে নিতে বলা হচ্ছে। তারা স্বেচ্ছায় সরে গেলে বাড়ি-ঘরের ক্ষতি হত না।”
তবে কাজ শেষ হলে তারা আবারও খালপারে বাড়িঘর করে থাকতে পারবেন বলে প্রকৌশলী জানিয়েছেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব বলেন, “ভূমিহীনদের বসতবাড়ির ক্ষতির খবর পেয়েছি। তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আমরা বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলব।”
