বরিশালে পুলিশ-ছাত্র ধাওয়া পাল্টা ধাওয়া
মোবাইল চুরিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৪টার দিকে নগরীর পুলিশ লাইনস রোডে এ ঘটনা ঘটে। পরে তা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পর্যন্ত গড়ায়।
এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে পুলিশ।
এছাড়া ৫ ছাত্রকে আটক করা হয়েছে বলে কোতয়ালী থানার সহকারী কমিশনার আনসার উদ্দিন জানিয়েছেন।
আনসার উদ্দিন বলেন, পুলিশ লাইনস রোডে ‘হট প্লেট’ নামে একটি রেস্তোরাঁর কর্মচারী সজিব কয়েক দিন আগে রেস্তোরাঁ থেকে একটি মোবাইল সেট চুরি করে পালিয়ে যায়।
‘বুধবার সজিবকে ধরে রেস্তোরাঁয় নিয়ে যায় অন্য কর্মচারীরা। তার সাথে থাকা মোবাইল সেটটি রেখে দেয় তারা। এসময় তাকে মারধরও করা হতে পারে।
‘এতে ক্ষিপ্ত হয়ে সজিব বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে নিয়ে রেস্তোরাঁয় হামলা চালালে ব্যবসায়ীদের সঙ্গে তাদের মারামারি হয়।
এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ছাত্ররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই সত্য রঞ্জন, কনস্টেবল ফিরোজ ও আরাফাত আহত হয়েছে বলে জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শফিউল ইসলাম জানান, বিষয়টি তারা প্রাথমিকভাবে শুনেছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, টিভি চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাম্যান সেলিম রেজা ছবি তুলতে গেলে তাকে মারধর করে তার ক্যামেরা ভেঙে ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্ররা।
প্রত্যক্ষদর্শী ফেরদৌস আহমেদ জানান, পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা ফাঁকা গুলি ও টিয়ারসেল ছোড়ে।
