২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া কর্মকর্তা আটক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:03 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় গ্রেপ্তার শেখ হাফিজুর রহমান (৪০) খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের শেখ আব্দুস সাত্তারের ছেলে।

হাফিজুরের কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিজিটিং কার্ড ও সিল উদ্ধার করে পুলিশ।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

“তিনি দেশের বিভিন্ন এলাকার মেয়েদের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।”

হাফিজুর একাধিক মোটরসাইকেল চুরির সাথেও জড়িত উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, সেসব ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে।