কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার
কক্সবাজারে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ এক দম্পতি গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে শহরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়ায় আবুল হাশিমের বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার মো. আবুল হাশিমের ছেলে আব্দুর রহিম ওরফে মোহাম্মদ রহিম (২৫) এবং তার স্ত্রী শাকেরা বেগম (২৪)।
র্যাব কর্মকর্তা সাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মাদক ও অস্ত্র কেনাবেচার গোপন খবর পেয়ে ভোরে আবুল হাশিমের বাড়িতে অভিযান চালানো হয়।
‘এ সময় আব্দুর রহিমের শরীরে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবা ও এক হাজার টাকার দুটি জাল নোট এবং শাকেরা বেগমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৭৭৫টি ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।’
পরে তার ঘর থেকে দেশে তৈরি একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিমের কাছে মাদক ও অস্ত্র লেনদেন করতে আসা ‘চারজন পালিয়ে যায়’।
এ ঘটনায় রহিম ও শারেকাসহ পলাতক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সাউদ।
