২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জমির বিরোধে যুবক খুন

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন (২২) হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকমকে বলেন, জমির মালিকানা নিয়ে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আবু সিদ্দিকের সঙ্গে ভাগ্নে মোহাম্মদ ইসমাইল ও নুর আহমদের বিরোধ চলছিল।

“এর জেরে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটলে ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়।”

নিহতের স্বজনদের অভিযোগে শাহ আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি মজিদ।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বলেন, হাসপাতালে আনার আগেই জয়নালের মুত্যু হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।