গাজীপুরে ১০ গোয়েন্দা পুলিশ প্রত্যাহার
আওতার বাইরে গিয়ে দুই ব্যক্তিকে আটক করায় গাজীপুর গোয়েন্দা পুলিশের ১০ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বে অবেহেলার অভিযোগে সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানান গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন।
প্রত্যাহারকৃতরা হলেন গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. মোস্তাফিজুর রহমান, এসআই মনিরুজ্জামান, এএসআই মো. সুমন ও আমান উল্যাহ, কনস্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক ও মোস্তফা মিয়া।
ওসি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহারের নির্দেশ দেন। পরে তাদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রত্যাহারকৃতরা সোর্সের দেওয়া ভুল তথ্যে দুদিন আগে নিজ কর্তব্যস্থল ছেড়ে টঙ্গীতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে। পরে সোমবার বিকেলে আদালতে চালান দেওয়ার সময় তাদের এক আত্মীয় পুলিশ সুপারকে ঘটনাটি জানান।
“এসপি গোয়েন্দা পুলিশের ওসিকে ঘটনাটি দেখার নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ওই পুলিশ সদস্যদের দায়িত্ব অবহেলার বিষয়টি ধরা পড়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।”
