২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধানসিড়ি নামের একটি প্রতিষ্ঠান টাকা আত্মসাৎ করার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে গ্রাহকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 12:07 AM

Updated : 11 Oct 2022, 07:51 PM

সোমবার দুপুরে সফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক শ গ্রাহক।

সমিতির সদস্য মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ধানসিড়ি বহুমুখী সমবায় সমিতি নাম দিয়ে গাজীপুর সদর উপজেলার মাধবপুর এলাকার ইসমাইল মুন্সীর ছেলে আব্দুল আজিজ (৪২) দীর্ঘদিন ধরে সমিতিটি চালিয়ে আসছিলেন।

“অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় আট হাজার সদস্য বানিয়ে তাদের কাছ থেকে প্রতি মাসে দুই হাজার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত জমা নিতেন।”

সমিতির সদস্য পোশাকশ্রমিক শিল্পী আক্তার বলেন, এই সমিতিতে তিনি তিন বছর মেয়াদে মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে জমা রাখতেন।

“সোমবার আমাকে ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে গিয়ে অফিস বন্ধ দেখতে পাই।”

বিভিন্ন মেয়াদের আমানত হিসেবে নেওয়া টাকা সোমবার অনেককে দেওয়ার কথা ছিল বলে গ্রাহকরা জানান। কিন্তু সকাল থেকেই কার্যালয়ে তালা দেখতে পান তারা।

ধানসিড়ির প্রধান আজিজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে প্রতারিত সদস্যরা দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে দুপুর ১২টা থেকে প্রায় ১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারক আব্দুল আজিজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে ওই সমিতির কতজন গ্রাহক মোট কত টাকা জমা দিয়েছেন সে সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।