যৌন হয়রানির দায়ে গাইবান্ধায় প্রধান শিক্ষক বরখাস্ত
ক্লাস চলাকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে গাইবান্ধার এক সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হককে (৪৫) বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে এক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক আয়নাল হক ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন।
এ অভিযোগ এনে শনিবার দুপুরে অভিভাবক ও এলাকবাসী প্রধান শিক্ষককে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুলাহিশ শাফি জানান, রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মহিউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে ওই প্রধান শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া এ ঘটনা তদন্তে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদুর রহমানকে আহ্বায়ক ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নাজমুল হুদাকে সদস্য করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ওই কমিটিকে ঘটনা তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
