২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার দুই ভাইয়ের কবর হলো বরিশালে নানার বাড়িতে

ঢাকার উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের দুই ভাই জায়ান বিন শাহনেওয়াজ ও শাহালিন বিন শাহনেওয়াজের দাফন হয়েছে তাদের নানা বাড়ি বরিশালে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 12:03 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

উত্তরায় অগ্নিদগ্ধ গৃহকর্তারও মৃত্যু, স্ত্রী সঙ্কটাপন্ন

শনিবার রাতে বরিশাল শহরের চৌমাথা মারকাজ মসজিদ গোরস্থানে তাদের দাফন করা হয় বলে স্বজনরা জানান।

দুই দিন আগের ওই অগ্নিকাণ্ডে তাদের বাবা শাহনেওয়াজ শাহীনও (৫০) বাঁচতে পারেননি। দগ্ধ মেজ ছেলে জারিফ বিন শাহনেওয়াজ (১১) চিকিৎসা নিয়ে স্বজনদের কাছে ফিরলেও তার মা সুমাইয়া খানম (৪০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দেড় বছর বয়সী জায়ান ও ১৫ বছরের শাহলিনের লাশ শনিবার রাত পৌনে ৮টার দিকে বরিশাল নগরীর নবগ্রাম রোডে নানাবাড়ি সিকদার বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন ছাড়াও প্রতিবেশীরা দুই ভাইকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন।    

রাত সাড়ে ৮টার দিকে মারকাজ মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন হয় দুই শিশুর।  

সুমাইয়ার ভাই হামিন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাগ্নেদের লাশ বরিশালে পৌঁছানোর কিছুক্ষণ আগে আমার ভগ্নিপতির মৃত্যুর খরব এলো। এতো শোক আমরা সইব কেমন করে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছিলেন, ওই পরিবারের মেজ ছেলে ছাড়া বাকি চারজনেরই শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। সুমাইয়ার অবস্থা ‘ক্রিটিকাল’।

আমেরিকান সেন্টারের মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ গত ২০ ফেব্রুয়ারি পরিবার নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ওই সাততলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে উঠেছিলেন। 

রান্নাঘরের লাইনে ত্রুটির কারণে জমে থাকা গ্যাস থেকে ২৬ ফেব্রুয়ারি সকালে আগুন ধরে যায় এবং পরে তা অন্য দুই ঘরে ছড়িয়ে পড়ে। দগ্ধ হয় পরিবারের সবাই।   

পাঁচজনকে হাসপাতালের নেওয়ার পর রাতে জায়ান ও শাহলিনের মৃত্যু হয়। তাদের বাবা মার যান পরদিন রাতে। 

এই পরিবারের মেজ ছেলে জারিফকে শুক্রবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সে মুগদায় এক মামার বাসায় রয়েছে বলে তার চাচা কামরুল হাসান জানান।

দুই সন্তানের মৃত্যুর খবর জানার পাশাপাশি নিজের সময় ফুরিয়ে আসার বিষয়টিও আঁচ করতে পেয়েছিলেন শাহনেওয়াজ।

তার ভাগ্নে সাকিব শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মামা (শাহনেওয়াজ) বুঝতে পেরেছেন, তার ছেলেরা মারা গেছেন। মামা বলেছেন, মামি বরিশালে তার মায়ের কাছে কবর চান। আর মামাকেও যেন সেখানে কবর দেওয়া হয়।”

দুপুরে সাকিব ওই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে শাহনেওয়াজের মৃত্যুর খবর আসে।

শাহনেওয়াজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আগামী বছর সপরিবারে তার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা ছিল বলে ভাই কামরুল জানান।

অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি আলী হোসেন জানান।