কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক
কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে; এই অভিযোগে তাকে আটকও করেছে পুলিশ।
নিহত নুসরাত খানম আইভি (২৪) তিতাস উপজেলার বড়গাজিপুর গ্রামের আজম খানের মেয়ে এবং দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী।
দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার সকালে তুজারভাঙ্গা গ্রামের আইভির স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
“স্থানীয়রা বিষয়টি আত্মহত্যা বললেও নুসরাতের বাবা জামাতার বিরুদ্ধে যৌতুকের টাকার জন্য হত্যার অভিযোগ আনায় উজ্জলকে আটক করা হয়েছে।”
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে উজ্জলের সঙ্গে নুসরাতের বিয়ে হয়। বিয়ের এক বছর পর উজ্জল ব্যবসা করার জন্য শ্বশুরবাড়ি থেকে আইভিকে যৌতুকের টাকার জন্য মানসিক চাপ দেন।
এই দাবিতে গত কয়েক দিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে উজ্জল। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে শুক্রবার রাতের কোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আইভি।
নিহতের বাবা আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুকের টাকা না দেওয়ায় উজ্জল প্রায়ই আমার মেয়ে আইভিকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দিত। পরে দেন-দরবার করে নিয়ে যেত।
“আমার মেয়েকে হত্যা করে, গলায় রশি দিয়ে আটকিয়ে আমার বাড়িতে ফোন করে আইভি আত্মহত্যা করেছে বলে জানায় উজ্জল।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জানিয়ে দাউদকান্দির ওসি আবু ছালাম বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
