বরিশালে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে প্রকৌশলী আটক
বরিশালে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক ডিপ্লোমা প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে নগরীর কালু শাহ সড়ক এলাকা থেকে নূরুল আহাদ রানাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।
নুরুল ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে তিনি কোথাও কর্মরত নেই বলে ওসি জানান।
নির্যাতিত গৃহকর্মীকে (৮) পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানান তিনি।
মেয়েটির বরাত দিয়ে ওসি সাখাওয়াত বলেন, গৃহকর্তা নুরুল ও তার স্ত্রী নুসরাত জাহান পিংকি প্রায়ই তাকে মারধর করত। নির্যাতন সইতে না পেরে বিকালে সে বাসা থেকে বেরিয়ে আসে।
এসময় আহত মুক্তাকে দেখে স্থানীয়রা পুলিশে খরব দিলে তাকে উদ্ধার করা হয়।
ওসি জানান, মেয়েটির বাড়ি ভোলা জেলায়। সে মায়ের নাম বলতে পারলেও বাবার নাম বলতে পারছে না। ভোলার ফাইমা নামের এক নারী এক বছর আগে নূরুল আহাদের বাসায় তাকে কাজে দেয়।
নুরুলের স্ত্রী পিংকি এবং ভোলার ফাইমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
