সিরাজগঞ্জে বাণিজ্য মেলায় কুপিয়ে ছিনতাই
সিরাজগঞ্জে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দর্শনার্থী গুরুতর আহত হয়েছেন।
আহত তাঁত শ্রমিক আব্দুল্লাহ মোল্লার (৩২) এক স্বজন জানিয়েছেন, শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে চলমান মাসব্যাপী বাণিজ্য মেলায় শুক্রবার রাতে দুই ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় আব্দুল্লাহকে হাসপাতালে আনা হয়। তার পেট ও হাতে ছুরিকাঘাত করা হয়।
তিনি বলেন, “তার পেটের ক্ষত গুরুতর। অস্ত্রোপাচার শেষে তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন।”
আব্দুল্লাহর ভাতিজা আব্দুল মমিন জানান, চাচার সাথে সন্ধ্যায় তারা মেলায় যান। রাত ৮টার দিকে মেলার পূর্ব অংশে গেলে দুই যুবক তার চাচাকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ ৬০০ টাকা ছিনিয়ে নেয়।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।”
