৪ লাখ ইয়াবাসহ কক্সবাজারে ১৯ জন আটক
কক্সবাজারের টেকনাফে দুটি মাছ ধরার ট্রলার ও ৪ লাখ ইয়াবাসহ ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপ উপকূলে এই আটকের ঘটনা ঘটে বলে জানান সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা দুপুরে বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায়।
“এ সময় দুই ট্রলার থেকে ৪ লাখ ইয়াবাসহ ১৯ জনকে আটক ও ট্রলার দুটি জব্দ করা হয়।”
আটককৃতদের নামে মামলা করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
