২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতন, স্বামী-সতিন পলাতক

ঝিনাইদহ সদরে এক গৃহবধূকে এক সপ্তাহ ঘরে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামী ও সতিনের বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

শহরের পাগলাকানাই এলাকার একটি বাসা থেকে বুধবার রাতে নুরুন্নাহার নামের ওই নারীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ঘটনার পর থেকে নুরুন্নাহারের স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন পলাতক বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ সদর থানার এসআই সুজন কুমার মণ্ডল বলেন, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আঘাতের অনেক স্থানে পচন ধরেছে বলে মনে হচ্ছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

“গত সাত দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে পেটানো হয়েছে বলে ওই নারী আমাদের জানিয়েছেন।”  

নুরুন্নাহারের বরাত দিয়ে এসআই সুজন জানান, ১৪ বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে শহিদুলের সঙ্গে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বকরা আলীবিল গ্রামের ইউসুফ আলির মেয়ে নুরুন্নাহারের বিয়ে হয়।

“এরপর থেকে তারা জয়পুরহাট থাকত। তাদের দুই সন্তান রয়েছে।

“বিয়ের সাত বছর পর রহিমা খাতুনকে বিয়ে করেন শহিদুল।”

এরপর থেকেই স্বামী ও সতিন বিভিন্নভাবে তাকে নির্যাতন করছিল বলে নুরুন্নাহার জানিয়েছেন, বলেন সুজন।

এসআই সুজন আরও জানান, ২০/২৫ দিন আগে বাবার বাড়ি নেওয়ার কথা বলে নুরুন্নাহারকে ঝিনাইদহ নিয়ে আসে শহিদুল। পাগলাকানাই এলাকায় বাসা ভাড়া নেয় তারা, যেখানে রহিমাও থাকত।

“সেখানে আনার পর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।”

বুধবার রাতে আবার নির্যাতন শুরু হলে নুরুন্নাহারের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় বলে জানান এসআই সুজন।