ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা
দুর্বৃত্তের ছোড়া এসিডের পোড়া ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক গৃহবধূ।
বুধবার রাতে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় নজরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তারকে (৩০) এসিড ছোড়া হয় বলে সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান।
জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দগ্ধ তানিয়াকে ঢাকায় পাঠানো হয়।
তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে সদর হাসপাতালের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানিয়েছেন।
তানিয়ার স্বজনদের বরাতে ওসি মঈনুর জানান, পারিবারিক বিভিন্ন বিষয়ে স্বামী নজরুল ইসলামের সঙ্গে তানিয়ার মনোমালিন্য ছিল।
এ ঘটনায় নজরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে তানিয়া টয়লেট থেকে বের হলে দুই যুবক তাকে এসিড ছুড়ে পালিয়ে যায়।
“তানিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।”
