মন্দিরের দর্শনার্থীদের ওপর হামলা: মামলার পর গ্রেপ্তার ২
মাগুরার শ্রীপুরে কালী মন্দিরের দর্শনার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর এজহারভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ইকবাল ও মাহামুদুল নামের ওই দুইজনকে মঙ্গলবার রাতে শ্রীপুরের বাড়ৈইপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশ্মশান কালী মন্দিরে হামলার ঘটনায় পূজা দেখতে আসা চার দর্শনার্থী দুর্বৃত্তের মারধর ও চাপাতির আঘাতে আহত হন।
ওই রাতেই পুলিশ ইকবালকে আটক করলেও পরে ছেড়ে দেয় বলে স্থানীয়দের অভিযোগ।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলায় আহত তাপস সরকারের বাবা বিনোদ সরকার মঙ্গলবার রাতে ইকবালসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরদ্ধে মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তাপস (২২) বলেন, “গত অক্টোবরে দুর্গা পূজার সময় ইকবালসহ কয়েকজনের সঙ্গে মন্দিরের স্বেচ্ছাসেবকদের গোলমাল হয়। এর জেরেই সোমবার রাতে ইকবাল ও তার সমর্থকেরা মন্দিরে হামলা চালায়।”
আহতদের মধ্যে অমিত সরকার, সুব্রত সরকার ও বিপ্লব সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।
