‘হামলার আশঙ্কায়’ কলেজের অনুষ্ঠান স্থগিত
হামলার আশঙ্কার কথা বলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবের শেষদিনের সকল অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জাননো হয়।
কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী সংবাদ সম্মেলনে বলেন, ‘জঙ্গি হামলার আশঙ্কা’ থেকে জেলা পুলিশ অনুষ্ঠান সংক্ষিপ্ত করার পরামর্শ দেয়।
“তাই উৎসবের শেষদিন মঙ্গলবারের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
এ ব্যাপারে জামালপুরের এসপি নিজামউদ্দিন বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বলা হয়েছে।
এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি। জঙ্গি হামলা সম্পর্কেও কিছু বলতে রাজি হননি তিনি।
আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবের তিন দিনের কর্মসূচি রোববার শুরু হয়। সোমবার দ্বিতীয় দিন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগ দিয়েছেন। শেষদিন মঙ্গলবার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে অনুষ্ঠান স্থগিত করায় উপস্থিত কয়েকহাজার দর্শক, শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে চলে গেছেন।
কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসব অনুষ্ঠানের কো-চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
