২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম সচিব পরিচয়ে সোনার গহনা চুরি

মাগুরা শহরে যুগ্ম সচিব পরিচয় দিয়ে একটি স্বর্ণের দোকান থেকে পাঁচ ভরি গহনা নিয়ে পালিয়েছে এক ব্যক্তি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 09:28 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

রোববার বিকালে এ প্রতারণার শিকার হন শহরের সৈয়দ আতর আলী সড়কের মওলানা মাকের্টের ‘বিউটি জুয়েলারি’র ওহিদুর রহমান।

কথিত খোরশেদ আলম নামের ওই প্রতারক নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দেয়।

মাগুরা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও স্বর্ণের দোকানির বরাত দিয়ে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ  জানান, এনডিসি’র কাছে নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে রোববার দুপুরে মাগুরা সার্কিট হাউজে ওঠে কথিত খোরশেদ আলম।

“ওই সময় তার ব্যবহৃত গাড়ির চালকসহ সে ঘণ্টাখানেক সার্কিট হাউজে অবস্থান করে। পরে শহরের সৈয়দ আতর আলী সড়কে মওলানা মাকের্টে ওহিদুর রহমানের বিউটি জুয়েলারিতে যায়।”

এসপি বলেন, ওই দোকানে গিয়ে আত্মীয়ের বিয়ের জন্য সোনার গহনা কেনার কথা বলে নিজের মোবাইল ফোন থেকে এনডিসি রবিউল ইসলামকে ফোন করে দোকানির সঙ্গে কথা বলিয়ে দেয়।

“এনডিসি সোনার দোকানিকে বলেন যেন ‘স্যারকে’ ভাল ডিজাইনের খাঁটি সোনার গহনা দেন।”

এসপি বলেন, এরপর ওই ব্যক্তি বিভিন্ন ধরনের ৫ ভরি সোনার গহনা নিয়ে দোকনিকে বলে, ব্যাংক বন্ধ থাকায় সব টাকা কাছে নেই। ম্যাডামের (তার স্ত্রী) কাছে  টাকা আছে।

“এরপর স্ত্রীর কাছে যেতে হবে বলে গহনা নিয়ে দোকানি ও তার এক সহকর্মীকে নিজের গাড়িতে ওঠায়। শহরের টিটিডিসি পাড়ায় সড়ক বিভাগের রেস্ট হাউজে গিয়ে গাড়ি থেকে নেমে একটি রুমে বসিয়ে পিয়ন ডেকে তাদের কফি দিতে বলে।”

“এরপর তাদেরকে বসিয়ে রেখে স্ত্রীর কাছে পাশের রুমে যাওয়ার কথা বলে সে স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যায়।”

এসপি বলেন, পরে দোকানি ওহিদুর রহমান ওই রেস্ট হাউজের পিওনের কাছে জানতে পারেন লোকটি পেছনের দরজা দিয়ে চলে গেছে।

পুলিশ সুপার জানান, রাতে এনডিসি ও সোনার দোকানি বিষয়টি তাকে জানানোর পর শহরের লাগানো সিসি ক্যামারার ফুটেজ দেখে প্রতারকের ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়েছে। তবে গাড়ির নম্বরটি সঠিক না হওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এ ব্যাপারে দোকানি ওহিদুর রহমান বলেন, এনডিসি সাহেব মোবাইলে তার স্যারকে ভাল সোনা দেওয়ার কথা বলেছেন। তাই তিনি প্রতারিত হওয়ার কথা ভাবতে পারেননি।

এনডিসি রবিউল ইসলাম বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী ওই ব্যক্তি ফোন করলে দোকান মালিককে ভাল সোনা দিতে বলেছি। তবে তাকে বাকি দিতে বা অন্য কোথাও গিয়ে টাকা নিতে বলিনি।”