এমপির নির্দেশে ভাঙা হল পুলিশ ফাঁড়ির দেয়াল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সংসদ সদস্যের নির্দেশে নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিলেও পরে ছেড়ে দেয়।
রোববার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া বটতলায় ফাঁড়ির দেয়াল নির্মাণ ও ভাঙার ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী দাবি করেছেন, ফাঁড়িটি প্রশাসনের অনুমতি ছাড়াই তৈরি করছে পুলিশ।
কায়েতপাড়া ইউনিয়নের একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য। সেখানে যাওয়ার পথে বটতলায় নির্মাণাধীন ফাঁড়ির সামনে থেমে দেয়াল ভাঙার নির্দেশ দেন তিনি।
গোলাম দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এলাকাবাসী অভিযোগ করেছে, পুলিশ ফাঁড়ির দেয়াল নির্ধারিত জায়গা অতিক্রম করে মানুষের চলাচলের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছিল।
“রাস্তা দখল করে ফাঁড়ির দেয়াল নির্মাণ করায় আমি এলাকাবাসীকে দেয়াল ভেঙে ফেলতে বলেছি।”
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটকের বিষয়ে তিনি বলেন, “আমি পুলিশকে বলেছি তাদের ছেড়ে দেওয়ার জন্য। কেননা এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে হলে আগে আমার বিরুদ্ধে নিতে হবে।”
সংসদ সদস্য বলেন, “এ জায়গায় লোকসংখ্যা কম, তাই এখানে পুলিশ ফাঁড়ি দরকার নেই। যেখানে ঘনবসতি, সেখানে ফাঁড়ি করা উচিত। প্রশাসনের অনুমতি ছাড়াই পুলিশ এখানে ফাঁড়ি নির্মাণ করছে।”
তবে স্থানীয়রা বলছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এই পুলিশ ফাঁড়ির বিরোধিতা করছিল।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, “দেয়াল ভেঙে ফেলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
এর বেশি কিছু বলতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
