২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-মাগুরায় শহীদ মিনারে ছাত্রলীগের মারামারি-বোমাবাজি

একুশের প্রথম প্রহরে যশোরে এবং সকালে মাগুরায় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মাগুরা প্রতিনিধি

যশোর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 08:41 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

রোববার প্রথম প্রহরে শহীদ মিনারে বোমাবাজিতে জড়িত অভিযোগে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির ১০ জনকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ।

অন্যদিকে সকালে মাগুরার শালিখায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষকে হটাতে লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলিও ছুড়তে হয় পুলিশকে।

যশোর সরকারি এম এম কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে প্রথম ফুল দেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দেওয়ার পরপরই ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফুল দিতে বেদীতে যায় নেতা-কর্মীরা। তখনই সংঘর্ষ শুরু হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হট্টগোল শুরু করলে পুলিশ থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে শহীদ বেদীর উত্তরপাশে হাতবোমার বিস্ফোরণ ঘটে। একটি হাতবোমা শহীদ মিনারের সামনে বিস্ফোরিত হলে পুলিশ ফাঁকা গুলি চালানো শুরু করে।

এসময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসা নারী-পুরুষ ও শিশুরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। মুহূর্তে ফাঁকা হয়ে যায় শহীদ মিনার এলাকা।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন পণ্ড হয়ে যায় বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াচ হোসেন জানান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যের বিরোধী’ একটি পক্ষ হট্টগোলের চেষ্টা করে।

“এক পর্যায়ে তাদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং ৫/৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদুনে গ্যাসে নিক্ষেপ করে।”

তবে হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যের লোকজনই ওই ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনায় কোতোয়ালি থানার এসআই আসাদুজ্জামান রোববার সকালে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তার আগেই অভিযানে নামে পুলিশ। দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয় ১০ জনকে।  

জেলার পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, “রাতেই সরকারি এমএম কলেজের আসাদ হলে অভিযান শুরু করে পুলিশ। দুপুর পর্যন্ত সেখান থেকে ১০টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়েছে।”

আটকদের মধ্যে আকাশ, বিজয়, মহিদুল ও সুমনের নাম জানা গেছে, যারা এমএম কলেজ ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং জেলা সাধারণ সম্পাদক বিপুলের সমর্থক বলে স্থানীয়দের ভাষ্য।

তবে পুলিশ সুপার গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেননি।

মাগুরার শালিখার আরপাড়া হাইস্কুল মাঠে সকালে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে বলে শালিখা থানার ওসি আবু জিহাদ জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুল দেওয়ার এক পর্যায়ে থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন এবং আরেক নেতা মোজাহার বিশ্বাসের সমর্কদের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা করে ও রবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়।

কুতুব উদ্দিন বলেন, “শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে। পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

পুলিশের ছোড়া রবার বুলেটে কয়েকজন আহত হয়েছেন বললেও তাদের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।