গাইবান্ধায় অপহৃত চিকিৎসক জয়পুরহাটে উদ্ধার, আটক ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহৃত এক চিকিৎসককে জয়পুরহাটের কালাই থেকে উদ্ধারসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
চিকিৎসক রিফাত জাহান বাপ্পিকে (৩৫) অপহরণের ২০ ঘণ্টা পর শনিবার বিকেল ৩টায় উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান।
রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার উত্তরায় মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত।
রিফাতের বোন রোমানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিফাত ছুটি নিয়ে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জে আসেন।
শুক্রবার বিকেলে রোমেনাকে নিয়ে বাড়ি থেকে অটোরিকশা করে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে পবনপুর থেকে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে রিফাতকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে রিফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ করেন মোমেনা।
ওসি মোজাম্মেল জানান, রোমেনার অভিযোগ অনুযায়ী ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্যাংক কর্মকর্তা মঞ্জুরুল আলম রাজু (৪৫), চক রহিমাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২১), বহিরি হিশিমপুর গ্রামের বাবু মিয়ার দুই ছেলে গোলাম মোস্তফা (২৫) ও গোলাম মওলা (৩৫)।
জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্মকর্তা মঞ্জুরুলকে ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানান।
আটক অন্য তিনজনের জবানবন্দি ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাটের কালাই থানার গারইল গ্রামের কায়সার মিয়ার বাড়ি থেকে রিফাতকে উদ্ধার করে পুলিশ।
এ সময় রিফাতের চাচাত ভাই মাহবুব আলম রনিসহ (৩০) ছয় অপহরণকারীকে আটক করা হয় বলে ওসি জানান।
