বগুড়া জাগরণ মঞ্চের সংগঠক জাকারিয়ার ‘খুনি’ গ্রেপ্তার
বগুড়ায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও শেরপুর ডিগ্রি কলেজের শিক্ষক জিয়া উদ্দিন জাকারিয়া হত্যাকাণ্ডের ‘মূল ঘাতককে’ গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার নারচী তরফদারপাড়ার ইব্রাহিম ফকিরের ছেলে মাইনুর ইসলাম ফকির (২১), শিবগঞ্জ উপজেলার সাতআনা কিচক গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মহসিন আলী এবং শহরের সবুজবাগ এলাকাবাসী ও বগুড়া সেন্ট্রাল রহমান জামে মসজিদের ইমাম বেলায়েত হোসেনের ছেলে হাবিবুল্লাহ নাঈম (১৯)। মহসিন বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ও হাবিবুল্লাহ ঢাকার একটি বেসরকারি কলেজে লেখাপড়া করে।
জাকারিয়া বাবু হতার দুইদিন পর তার ছোট ভাই সামছুদ্দিন সোলায়মান সাধু অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরে আলম সিদ্দিকী। এক বছর পর পুলিশ সুপারের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিন চৌধুরী আরও প্রায় এক বছর তদন্ত করে। তিনি বদলি হওয়ার পর মামলার তদন্তভার পান উপ-পরিদর্শক (এসআই) খোকন আলী।
সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা ছাড়াও জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা এ হত্যাকাণ্ডে জড়িত আসামি সনাক্তে যুক্ত হন।
শুক্রবার রাতভর বগুড়া শহরে অভিযানে চালিয়ে ছাত্রশিবিরের এই তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও দাবি করেন পুলিশ সুপার।
