২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভল্টে চুরির চেষ্টা: ৪ মামলা ধামরাইয়ে

সোনালী ব্যাংকের ধামরাই শাখায় ছাদ কেটে ভল্ট লুটের চেষ্টা ও বন্দুকযুদ্ধের ঘটনায় চারটি মামলা করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 11:13 AM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ধামরাই বাজারে হাজী রিয়াজ উদ্দিন প্লাজা নামের যে ভবনে সোনালীর ওই শাখা, তার মালিকের ছেলে রেজাউল করীমকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, র‌্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বদরুদ্দিন আহম্মেদ শুক্রবার গভীর রাতে অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যুর ধারায় এই চারটি মামলা করেন।

“মামলা হওয়ার পর গভীর রাতে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে রিয়াজ উদ্দিন প্লাজার মালিকপুত্র রেজাউল করীমকে আটক করা হয়েছে,” বলেন ওসি।  

মামলা চারটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ধামরাই থানার এসআই নিজাম উদ্দিন। তিনি জানান, রেজাউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনো মামলাতেই এখনও তাকে আসামি করা হয়নি।

র‌্যাবের অভিযানের সময় রিয়াজ উদ্দিন প্লাজা থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, কেবল তাদের নামই এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

এরা হলেন -লক্ষ্মীপুর সদরের সৈয়দ আহমদের ছেলে সবুজ (৬২), চাঁদপুরের হাইমচরের আজিজুল হক দেওয়ানের ছেলে বাদশা মিয়া দেওয়ান (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগরের আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম (৩৩), রাজধানীর দক্ষিণখানের শফিকুল ইসলামের মেয়ে শিলা (২৮)এবং দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল মালেকের মেয়ে রুমানা বেগম (২৫) ।

এই দলের আরেক সদস্য মাসুক (৪০) শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে তারা ওই ব্যাংকের ঠিক ওপরে তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন মাস তিনেক আগে। বাসা ভাড়া নেওয়ার সময় বলেছিলেন তারা পোশাক কর্মী।    

অভিযানের পর র‌্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল সাংবাদিকদের বলেন, তৃতীয় তলার মেঝে, অর্থাৎ দ্বিতীয় তলায় ব্যাংকের ভল্টের ছাদ কেটে ভেতরে ঢুকে লুটের পরিকল্পনা ছিল ওই দলের। টাইলস সরিয়ে একজন মানুষ নামার মতো একটি গর্তও তারা তৈরি করে। বৃহস্পতিবার রাতেই তারা ভল্টে নামতে পারে- এই তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব।

 “অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাসা থেকে র‌্যাবের দিকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি করলে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। ওই সময়ই মাসুক নিহত হয়।”

র‌্যাব সদস্যরা পরে ভবনে ঢুকে কংক্রিট কাটার সরঞ্জাম ও একটি পিস্তল, গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ অন্যদের আটক করে।

সোনালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক কাজী সোলায়মান জানান, বাসার মালিক কাকে বাসা ভাড়া দিয়েছেন, তিনি জানেন না। ওপর তলার মেঝে খোঁড়ার বিষয়টি অফিস চলাকালীন সময়ে তারা বুঝতে পারেননি।

পুরনো খবর:

ব্যাংকের ভল্টে ‘চুরির চেষ্টা’, র‌্যাবের গুলিতে নিহত ১