কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার রাজবাড়ি সড়কের খোকসা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খবির উদ্দিন (৭৫) খোকসা উপজেলার খয়েরচারা গ্রামের মৃত জিউর উদ্দিন মোল্লার ছেলে।
আহত রত্না (২৮), চৈতি (১৫), স্বপন (২৮) ও আব্দুল্লাহ (৩৫) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খোকসা থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার রাজবাড়ি সড়কের খোকসা ক্লাব মোড়ে কুমারখালীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘এমএম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
“এতে আহত পাঁচ অটোরিকশার যাত্রীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে খবির উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
