নবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ঢাকার নবাবগঞ্জে যৌতুকের দাবিতে ও মামলা তুলে না নেওয়ায় এক সন্তানের মাকে বিভিন্ন সময় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
নির্যাতি গৃহবধূ বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী সোহেল আহম্মেদ রাজধানীর ফার্মগেটে কৃষি অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করেন।
২০১২ সালের ১৩ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি আনোয়ারা খাতুনসহ ফার্মগেটের কাছে পশ্চিম নাখালপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই গৃহবধূ।
বিয়ের এক সপ্তাহ পরই সোহেল গৃহবধূর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে তার অভিযোগ।
“টাকা দিতে সম্মত না হওয়ায় স্বামী ও শাশুড়ি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমাকে মারধর করত।”
এই অভিযোগে গৃহবধূ আদালতে মামলা করলে সোহেল তার উপর নির্যাতন বাড়ান এবং হত্যার হুমকি দেন বলে গৃহবধূ অভিযোগ করেন।
তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালের ৪ ডিসেম্বর শুক্রবার আমেনা বেগম শারমিন নামে এক নারী খবর দিলে ওই গৃহবধূকে পশ্চিম নাখালপাড়া মসজিদের সামনে নূরজাহান ভিলা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ও তার স্বামী সোহেলকে আটক করে থানায় আনা হয়।
“পরে পারিবারিক বিষয়ে কোর্টে মামলা থাকায় থানায় জিডি নিয়ে গৃহবধূকে তার মায়ের কাছে ও সোহেলকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।”
সেদিন নির্যাতনের ব্যাপারে গৃহবধূর পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় থানায় মামলা হয়নি বলে সোহেলকে ছেড়ে দেওয়া হয়, পরিদর্শক জানান।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৌফিক এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহবধূকে বেদম মারধর করায় তার দুই হাত, দুই পা, ঠোঁট, গলা ও কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমের চিহ্ন দেখে তাকে ভর্তি করা হয়েছিল।”
নির্যাতিত গৃহবধূর স্বামী মো. সোহেল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু মামলা হয়েছে সেহেতু এটা আদালতের ব্যাপার। আপনার সাথে কথা বলার আমার তো কোনো প্রয়োজন নেই।”
