২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের অভিযোগে ওসিসহ পুলিশ ‘অবরুদ্ধ’

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খানসহ কয়েকজন পুলিশ সদস্যকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 01:03 AM

Updated : 20 Aug 2022, 11:54 AM

তবে ওসি এ ঘটনাকে অবরোধ নয়, ‘কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটেছে বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজপত্র চেকিংয়ের নামে কাজিপুর থানার ওসি মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল, ভটভটি ও বালুবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছেন

“এ অবস্থায় চার-পাঁচজন কনস্টেবলসহ ওসি কাজিপুর উপজেলার সীমানা অতিক্রম করে সীমান্ত বাজার এলাকায় ভকেশনাল ইনস্টিটিউটের কর্মচারী ঈমান আলীর মোটরসাইকেল আটক করে থানায় পাঠিয়ে দেন।”

এরপর আরও কটি মোটরসাইকেল আটকের চেষ্টা করলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওসিসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে বলে সাংগঠনিক সম্পাদক শহিদুল জানান।

শহিদুল সেখানে উপস্থি ছিলেন বলেও জানান।

তিনি বলেন, ঘণ্টাখানেক পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পুলিশ সদস্যরা মুক্ত হন।

স্থানীয় হোমিও চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের অভিযানের নামে ওসি আঞ্চলিক সড়কে চলাচলকৃত যানবাহন আটক করে টাকার বিনিময়ে পরে সেগুলো ছেড়ে দেন।

এ কারণে লোকজন ওসির ওপর ক্ষুব্ধ বলে তিনি দাবি করেন। 

তবে ওসি মিজানুর রহমান বলেন, কদিন ধরে অবৈধ ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

“স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের এক আত্মীয়ের নিবন্ধনবিহীন হোন্ডা আটকের পর সেটি না ছেড়ে দেওয়ায় তিনি এলাকার লোকজন নিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন।”

এ কারণে ‘কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটেছে এবং কর্ম এলাকার মধ্যেই পুলিশের অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেন ওসি।

কাজিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, “মোটরসাইকেল ধরা বা ছাড়া নিয়ে পুলিশের সাথে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়েছে বলে শুনেছি।”

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ রাত সাড়ে ৮টার দিকে বলেন, বিষয়টি কেউ তাকে জানায়নি।