ছেলেসহ মায়ের বিষপান, ছেলের মৃত্যু
পারিবারিক কলহের জেরে পিরোজপুরে ছেলেকে বিষ খাইয়ে এক মায়ের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
ওই ঘটনায় ছেলের মৃত্যু হলেও মা বেঁচে যান। পরে মা জায়েদা বেগমকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে শহরের সিআই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এস এম মাসুদুজ্জামান জানান।
নিহত তামিম ওই এলাকার কামাল মোল্লার ছেলে। ঘটনার পর থেকে শিশুটির বাবা কামাল মোল্লা পলাতক রয়েছেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে কামাল ও জায়েদার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
“এর জেরে বুধবার রাতে ঘরে থাকা ইঁদুরের বিষ পানিতে মিশিয়ে জায়েদা নিজে পান করেন এবং ছেলে তামিমকেও পান করতে দেন।”
ওসি বলেন, অসুস্থ হওয়ার পর পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তামিমের মৃত্যু হয়। পরে জায়েদাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন বৃহস্পতিবার একটি মামলা করে বলে ওসি জানান।
এ বিষয়ে জানতে কামাল মোল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জায়েদার মাথা খারাপ, যখন-তখন আবোল-তাবোল বলে সংসারে অশান্তির সৃষ্টি করে।”
