২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঞ্জালের রক্ষক বিএনপি-জামায়াত: ইনু

বিএনপি-জামায়াতকে জঞ্জালের রক্ষক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 10:50 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

ড. জোহা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে’ শীর্ষক স্মারক বক্তৃতায় মন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ইতিহাসের জঞ্জালের ভাগাড়ের রক্ষক এবং নতুন জঞ্জাল তৈরির কারখানা।

“বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হলে জঞ্জালের রক্ষক, পুনরুৎপাদনকারী বেগম খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকে জঞ্জালের সঙ্গেই পরিষ্কার করতে হবে।”

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, জোহার আত্মবলিদান বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে এক উচ্চতর ধাপে নিয়ে গিয়েছিল, যা জাতিকে নিশঃঙ্ক চিত্তে আত্মবলিদানে অনুপ্রাণিত করেছিল।

“উচ্চশিক্ষা ও মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় জীবনের প্রয়োজনে যে ঐতিহাসিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় পালন করে, তা ড. জোহা আত্মবলিদানের মাধ্যমে লিখে দিয়ে গেছেন।”

২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথায় খালেদা জিয়া ৯৩ দিনের নজিরবিহীন আগুনযুদ্ধ শুরু করেন।

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না কাঁদছেন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, গণতন্ত্র মানেই সবার সমান অধিকার নয়। তাহলে গণতন্ত্রে কারাগার থাকত না, বিচারালয় থাকত না। গণতন্ত্রের নামে অপরাধী আর অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্তকে এক পাল্লায় মাপা যায় না বলে মন্ত্রী মন্তব্য করেন।

ব্রিটিশ সরকার, পাকিস্তান ও সামরিক শাসকদের রেখে যাওয়া জঞ্জাল আগলে রেখে বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব জঞ্জাল দুর্গন্ধ ছড়াবে, বিষবাষ্প ছাড়তেই থাকবে। তাই এটা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে, বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, অনুশীলন নাট্যদল, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দেশের জোহার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন এবং শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয় জোহা দিবস উপলক্ষে।