২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার, বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ভাড়া বাড়ানোর প্রতিবাদে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:36 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে স্বাভাবিক আমদানি-রপ্তানি চালু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত শুক্রবার পেট্রাপোল বন্দরে ‘সু-সংহত চেকপোস্ট’ চালুর পর আমদানি-রপ্তানি পণ্যের ট্রাক পার্কিং চার্জ হঠাৎ করে কয়েকগুণ বাড়ানো হয়।

“এর প্রতিবাদে শনিবার কিছু সময়ের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। সোমবার দুপুর থেকে লাগাতার ধর্মঘট ডাকেন ব্যবসায়ীরা।”

কর্তৃপক্ষ পার্কিং চার্জ না বাড়ানোর দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান কার্ত্তিক।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা হাসাবুল ইসলাম বলেন, “ওপারের ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে মাল খালাসসহ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে।”

তবে তিন দিন কাজ বন্ধ থাকায় পেট্রাপোল ও বেনাপোল বন্দরের আশপাশে ট্রাকের দীর্ঘ জট তৈরি হয়েছে বলে জানান তিনি। 

পুরনো খবর:

ভারতের ব্যবসায়ীদের ধর্মঘটে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ