গাজীপুরে শিশু হত্যা: একজনের জবানবন্দি
গাজীপুরে শিশু সোলামান হত্যার ঘটনায় গ্রেপ্তার সেলুন ব্যবসায়ী নির্মল দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম শাহানা হক সিদ্দিকা এ জবানবন্দি নেন।
গাজীপুরের আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম একথা জানান।
স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই সাইফুল ইসলাম জানান, গত শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় আউটপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মোকারম হোসেনের ছেলে সোলায়মান (৪) বাবার দোকানের পাশে একটি সেলুনের সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়।
“ওই রাতেই মোকারম হোসেনের মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি রোববার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
“সোমবার বিকালে কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়।”
নিহত শিশুর বাবা মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মলের বাড়ি নেত্রকোনায়। মোকররম ও নির্মলের পরিবার গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা আউটপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে পাশাপাশি থাকেন।
নির্মল স্থানীয় কলেজপাড়ায় সেলুন ব্যবসা করেন এবং মোকাররম ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন।
মোকাররম বলেন, সপ্তাহখানেক আগে নির্মল স্থানীয় একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ থেকে ২০ হাজার টাকা ঋণ তোলার আবেদন করেন।
নির্মল ওই ঋণে জামিনদার হতে অনুরোধ জানালে মোকাররম রাজি হননি বলে জানান।
এ কারণে তার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা মোকাররমের।
হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
সোলায়মানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে দাঁড়িয়ে কয়েকশ নারী-পুরুষ একটি মানববন্ধন করে।
