২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল’ প্রশ্নে পরীক্ষা, শঙ্কায় মাগুরার ৭২ পরীক্ষার্থী

মাগুরায় এসএসসির একটি বিষয়ে পরীক্ষার্থীদের ‘ভুল’ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 03:31 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

‘ভুল’ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে এখন শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে শালিখা উপজেলার গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ের কেন্দ্রেই পরীক্ষা দিচ্ছেন। 

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, রোববার তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায় ‘ভুল’ বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়।

আনিসুর রহমান নামের এক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরকে ৩৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়। আমরাও পরীক্ষা দিয়ে চলে আসি।

“পরে মঙ্গলবার জানতে পারি সেটি ছিল ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা।”

‘ভুল’ প্রশ্নপত্র সরবরাহ ‘অনিচ্ছাকৃত’ বলছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নির্ণয় কুমার বিশ্বাস। 

তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমেদ থানা থেকে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসেন। সেখানে নিয়মিত আর অনিয়মিত দুই বিভাগের প্রশ্নপত্রই ছিল। পরীক্ষা শুরুর আগে দায়িত্বশীলদের সামনেই প্রশ্নপত্র খোলা হয়।

“কিন্তু ভুলে নিয়মিত পরীক্ষার্থীদের ২০১৪ সালের অনিয়মিতদের প্রশ্নপত্র দেওয়া হয়। ঘটনাটি যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।”

মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।