২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় ডাকাতি, আটক ৩

গাজীপুরের একটি সোয়েটার কারখানায় ডাকাতির পর পালানোর সময় তিনজনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:15 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার ভোরে মধ্যগাছা এলাকার ‘মা অ্যাপারেলস’ এ ডাকাতির ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান।

আটকরা হলো- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার হবি মিয়ার ছেলে ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের মৃত নায়েব আলীর ছেলে রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকার শহিদের ছেলে শাহিন (২০)।

কারখানার ব্যবস্থাপক মো. সালেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে একটি ট্রাক নিয়ে ১৫/১৬ জন ডাকাতদল কারখানার গোডাউনে হানা দেয়।

“তারা ফটকের তালা ভেঙ্গে ঢুকে প্রহরীর হাত-পা বেঁধে গোডাউন থাকা সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় টের পেয়ে একটি কারখানার শ্রমিকরা এলাকাবাসী ও পুলিশে খবর দেয়।

“জনতার ধাওয়ার মুখে ডাকাত দলের তিনজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।”

সালেক জানান, ডাকাতরা প্রায় পাঁচ হাজার পাউন্ড সুতা লুট করেছে, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

লুট হওয়া সুতা উদ্ধার ও ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান এসআই অজয়।