পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের ইনডেক্স প্লাজা থেকে গৌরবকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার উপপরিদর্শক মো. রফিক।
উপপরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইনডেক্স প্লাজা নামের শপিং সেন্টারের সামনে মদ পান করে মাতলামি করার সময় তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
“পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত মদপানের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।”
গৌরবের নামে থানায় একাধিক সন্ত্রাস সৃষ্টির মামলা রয়েছে বলে উপপরিদর্শক জানান।
