২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১ দিন বন্ধ

প্রক্টরের ‘বহিষ্কার’ দাবিতে ছাত্রদের বিক্ষোভের পর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুসরাত ফারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রক্টর মুহিব ইবনে সিরাজ পাল্টাপাল্টি অসদাচারণের অভিযোগ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানের জন্য সম্প্রতি শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হন। এই কমিটিতে শিক্ষার্থীদের না রাখায় তারা ক্ষুব্ধ হয়। এ নিয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা প্রক্টরের কাছে গেলে বাকবতিণ্ডা হয়।

এ ঘটনার জের ধরে প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করে তাড়িয়ে দেয় বলে শিক্ষার্থীরা জানান।

৪র্থ বর্ষের ছাত্র সুমন সূত্রধর বলেন, “সমাপনী অনুষ্ঠানের জন্য কথা বলতে গেলে প্রক্টর প্রধান মুহিব ইবনে সিরাজ আমাদের গালাগাল দেন। পরে আমরা প্রক্টরের ‘বহিষ্কার’ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণবকান্তি দেব বলেন, সমাপনী অনুষ্ঠানের কমিটি নিয়ে কিছু উশৃঙ্খল শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পরে পুলিশের সাহায্যে তাদের ক্যম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুসরাত ফারিয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।