রাজশাহীতে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
রাজশাহী নগরীতে ভটভটির ধাক্কায় পথচারী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিসমত কুখণ্ডী এলাকায় ওই দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী শ্যালো ইঞ্জিনচালিত বাহনটি পুড়িয়ে দেয় বলে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) আশোক চৌহান জানান।
নিহত রিনা খাতুন (২৩) ওই এলাকার আসগর আলীর স্ত্রী। বাসা থেকে বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
পরিদর্শক আশোক জানান, ইট বোঝাই ওই ভটভটির ধাক্কায় রিনা রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাহন ফেলে পালিয়ে যান চালক।
পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই ভটভটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
