২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসদাচরণের’ অভিযোগে গাজীপুরে ৩ পুলিশ প্রত্যাহার

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে গাজীপুর গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 12:18 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

এরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোশফিকুর রহমান এবং কনস্টেবল আনোয়ার হোসেন ও ফজলুল হক।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসদাচরণের অভিযোগ ওঠায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

তাজউদ্দীন মেডিকেলের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার জানান, ওই তিন পুলিশ সদস্য সোমবার রাত দুই আসামিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

“এ সময় জরুরি বিভাগ থেকে অন্য এক সন্দেহভাজন ব্যক্তিকে পালিয়ে যেতে নার্সরা সাহায্য করেছেন- এমন অভিযোগ তুলে ওই পুলিশ সদস্যরা দুর্ব্যবহার করেন।”

ওই ঘটনার পর হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। সকালে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয় বলে ডা. আবদুস সালাম জানান।

তিনি বলেন, তদন্ত করে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা শনিবার থেকে আবারও আন্দোলনে যাবেন বরে ঘোষণা দিয়েছেন।