অপহরণের দুই দিন পর গাজীপুরে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে অপহরণের দুই দিন পর জঙ্গল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে জঙ্গলে শিশুর লাশ পড়ে থাকার খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ উদ্ধার করে।
নিহত সোলায়মান (৪) জামালপুরের ইসলামপুর থানার ভেনুয়ারচরের মোকারম হোসেনের ছেলে।
মোকারম গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার পরিবহন নেতা আব্দুল মোতালেবের বাড়ি ভাড়া থেকে ভাঙ্গারি মালের ব্যবসা করেন।
মোকাররম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার একমাত্র ছেলে সোলায়মান গত শনিবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
ওই রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে মোকারমের অভিযোগ।
এ ব্যাপারে তিনি জয়দেবপুর থানায় জিডি করেছেন বলে জানান।
লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
