কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় মামলা, একজন আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে মামলা করেন বলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
“এ ঘটনায় পুলিশ মনোহরপুরের নিবাসচন্দ্র শাহার ছেলে প্রশান্ত সাহাকে (২৬) আটক করেছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।”
রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর বাসে একদল ‘সন্ত্রাসী’ হামলা চালালে ২০-২৫ জন আহত হয়।
